রৌমারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
কুড়িগ্রামের রৌমারী উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে একটি বাঁশঝাড় থেকে গতকাল রোববার দাতাউর রহমান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লাঠিয়ালডাঙ্গা গ্রামের আবদুস সামাদের ছেলে ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের চাচাতো ভাই।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেলা সোয়া দুইটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দাতাউরকে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখে।
এসআই মশিউর বলেন, ঘটনাস্থলে পোড়া মবিলের জেরিকেন পাওয়া গেছে। পুরো লাশে পোড়া মবিল লাগানো ছিল। গলায় ছিল গামছা প্যাঁচানো। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দাতাউরের মামা আবুল হাসেম ও খালু নজরুল ইসলাম বলেন, কৃষিকাজ করতেন দাতাউর (২৫)। দূর সম্পর্কের স্কুলপড়ুয়া একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারের কেউই মেনে নেয়নি। দাতাউর শনিবার বিকেলে তাঁর মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। চলে যাওয়ার সময় তিনি আত্মহত্যার হুমকি দেন।
দাতাউরের মা হনুফা বেগম বলেন, অভিমান করে গেলেও তাঁর ছেলে রাত ১০টার দিকে বাড়িতে ভাত খেতে আসে। পরে আবার বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক রাত পর্যন্ত বালিয়ামারী বাজারে একটি চায়ের দোকানে টিভি দেখে বলে তাঁরা জানতে পেরেছেন। রাতে বালিয়ামারী বাজারসংলগ্ন তাঁদের অপর একটি বাড়িতে চাচাতো ভাই সাদ্দামকে নিয়ে ঘুমাতে যান তাঁদের ছেলে। পরে কী হয়েছে তাঁরা কেউই কিছু বলতে পারছেন না।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলার দাগও বোঝা যায়নি। কাজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক।
ওসি আরও বলেন, দাতাউরের পরিবার থেকে মামলা করতে আগ্রহী না হওয়ায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। সঠিক কারণ উদ্ঘাটন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।