রোকসানার শরীরে ক্ষত, হাড় ভাঙা

ঢাকায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রোকসানাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ তার শরীরে আগুনে পোড়ার ক্ষতচিহ্ন রয়েছে। একটি হাড় ভাঙা। শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে কি না, তা পরীক্ষা করার কথা বলছেন চিকিৎসকেরা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, শিশু রোখসানাকে নির্যাতনের ঘটনায় তার বাবা রাসেল শেখ বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রোকসানার বাবা রাসেল শেখের পাঁচ সদস্যের সংসার। পরের জমির ওপর ঘর বেঁধে দিনমজুরের কাজ করে সংসার চালান তিনি। থাকেন লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে। বড় মেয়ে রোখসানা। ঢাকার ওয়ারী এলাকার ব্যবসায়ী আছাদুল্লাহর বাসার গৃহকর্মীর কাজ করত সে। এ বছরের জানুয়ারি মাসে প্রতিবেশী সালেহার সঙ্গে রোখসানাকে ঢাকায় পাঠান রাসেল শেখ।
রোকসানার বাবার অভিযোগ, তার মেয়ে নির্যাতনের শিকার হয়েছে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। খুন্তির ছ্যাঁকার দাগও রয়েছে।
আজ বুধবার সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান রোখসানাকে চিকিৎসা দিচ্ছেন।
রোকসানার মা রত্না বেগম বলেন, মোবাইলে মেয়ের সঙ্গে কথা হতো। কথা শুনে মনে হতো সে ভালো নেই। ১৭ আগস্ট তার অসুস্থতার খবর জানতে পারে। তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অজ্ঞান অবস্থায় ছিল রোকসানা। পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রত্না বেগমের অভিযোগ, বাড়ির মালিক আছাদুল্লাহ ও তাঁর স্ত্রী সোনিয়া বেগম রোকসানার ওপর নির্যাতন চালিয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান জানান, শিশুটি ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড হিসেবে ভর্তি হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ পোড়ার চিহ্ন রয়েছে। শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।