রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে অভিযোগপত্র
দুর্নীতির মামলায় রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মু. আবদুল জলিল মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন তা অনুমোদন দেয়।
দুদকেকর উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
সাবেক উপাচার্য ছাড়া অন্য যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়টির উপরেজিস্ট্রার (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) মো. শাহজাহান আলী মণ্ডল, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মো. মোর্শেদ উল আলম (রনী) এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলম।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ৩৯৮টি পদে নিয়োগপ্রক্রিয়ায় প্রকৃত তথ্য গোপন করে দুর্নীতি ও স্বজনপ্রীতির করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজরা লাভবান হওয়া ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে লোক নিয়োগ দিয়েছেন। এ অভিযোগ অনুসন্ধান শেষে ২০১৩ সালের ১২ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক মো. আবদুল করিম।
দীর্ঘ তদন্ত শেষে উপসহকারী পরিচালক মো. আকবর আলী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেয়।