রোগীকে পেটালেন ছাত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে গত বুধবার দিবাগত রাতে ছাত্ররা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোগীর এক স্বজন বিষয়টি হাসপাতালের পরিচালককে মৌখিকভাবে জানিয়েছেন।

তবে চিকিৎসকেরা পাল্টা অভিযোগ করে বলছেন, এই রোগীর এক স্বজন মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন। খবর পেয়ে ছাত্ররা এসে রোগীকে মারধর করেন।

ওই রোগীর নাম মাইনুল ইসলাম (২১)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বাড়ি বাঘা উপজেলার কুশাবাড়িয়া গ্রামে। গত বুধবার সকালে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। ওয়ার্ডে শয্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকার কারণে তাঁকে বারান্দায় জায়গা দেওয়া হয়েছিল।

মাইনুল অভিযোগ করে বলেন, সকালে ভর্তির সময় দায়িত্বে ছিলেন একজন ইন্টার্ন চিকিৎসক। তিনি রাত ১১টার দিকে একদল যুবককে সঙ্গে নিয়ে এসে তাঁকে দেখিয়ে দেন। যুবকদের একজন তাঁকে বলেন, ‘তুই ঘোষপাড়ায় থাকিস না? তোর কাছে ৫ হাজার টাকা পাই। টাকা দে।’ মাইনুল বলেন, তিনি ঘোষপাড়ায় থাকেন না। টাকার বিষয়টিও জানেন না। এ কথা বলতেই যুবকেরা এসে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। কোথাও অভিযোগ করলে খুন করে ফেলার হুমকি দেন তাঁরা। মাইনুলের ধারণা, যুবকেরা ভুল করে তাঁর ওপর হামলা করেছেন।

মাইনুল দাবি করেন, আহত হওয়ার কারণে রাত একটার পরে তাঁকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে (৪ নম্বর) স্থানান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বেলা দুইটার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। মাইনুলের ভাই মহিউদ্দিন বলেন, তাঁরা হাসপাতালের পরিচালকের কাছে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। পরে আদালতে মামলা করবেন।

জানতে চাইলে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হাসান তারিক বলেন, মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্রীর বাবা তাঁর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই রোগীর এক স্বজন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করতে গেলে রোগীর লোকজন নিজেদের স্থানীয় পরিচয় দিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরে এই খবর ছাত্রদের মাঝে ছড়িয়ে পড়লে তাঁরা এসেই হয়তো ওই রোগীকে মারধর করেছেন। সেখানে ইন্টার্ন চিকিৎসকেরা ছিলেন না বলে হাসান তারিক দাবি করেন। তিনি বলেন, ওই রোগীর এক স্বজন পুলিশে চাকরি করেন। রাতে তিনি এসে মামলা করার সুবিধার্থে রোগীকে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করতে বাধ্য করেন। সার্জারি ওয়ার্ডে ভর্তি হওয়ার মতো তাঁর কোনো জখম ছিল না। তবে হাসান তারিক এটাও স্বীকার করেন যে এটা ভুল বোঝাবুঝিও হতে পারে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, তাঁকে রোগীর স্বজন মৌখিকভাবে অভিযোগ করেছেন। তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন। ঘটনাটি তদন্ত করতে হবে। তা ছাড়া কিছু বলা যাচ্ছে না।