রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটির সময় ৬৫ জন ইন্টার্ন চিকিৎসককে রোগী হিসেবে ভর্তি দেখিয়ে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের জন্য হাসপাতালের পক্ষ থেকে বিশেষ এই খাবারের আয়োজন করা হয়। রোগীদের বরাদ্দের টাকা থেকে এই খাবার সরবরাহ করা হয়েছে। এ জন্য হাসপাতালের ৬৫ জন ইন্টার্ন চিকিৎসককে রোগী হিসেবে জরুরি বিভাগের মাধ্যমে ভর্তি দেখানো হয়েছে। তবে রোগী হিসেবে ভর্তি দেখালেও রোগীদের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হয়নি চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জন্য বিশেষ খাবার সরবরাহ করেছে। ঈদের আগের দিন রাত থেকে পরবর্তী তিন দিন ধরে এই খাবার সরবরাহ করা হয়েছে।
তবে হাসপাতালের উপপরিচালক তৌফিকুল ইসলাম মো. বেলাল প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০০৫ সাল থেকে হাসপাতালে এই প্রথা চালু রয়েছে। তিনি বলেন, ঈদের ছুটিতে ডাইনিং বন্ধ হয়ে যায়।
হোটেলে খাবার পাওয়া যায় না। কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হয় ঠিকই। মানবিক দিক বিবেচনা করে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য হাসপাতাল থেকেই তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপপরিচালক আরও বলেন, এ জন্য আলাদা কোনো বিল করা হয়নি। ৬৫ জন ইন্টার্ন চিকিৎসককে রোগী হিসেবে ভর্তি দেখিয়ে রোগীদের বরাদ্দের টাকা দিয়েই তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকদের অনেকেই জানেন না যে কোন তহবিল থেকে তাঁদের এই খাবার সরবরাহ করা হয়েছে। তাঁদের ধারণা, হাসপাতালের বিশেষ কোনো তহবিল থেকে এই খাবারের ব্যবস্থা করা হয়েছে। রোগী হিসেবে হাসপাতালে ভর্তি দেখিয়ে খাবার সরবরাহ করার বিষয়টি শুনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ছুটির সময় ডাইনিং বন্ধ থাকে। হোটেলগুলোতেও খাবার পাওয়া যায় না। কিন্তু তাঁদের দায়িত্ব পালন করতে হয়। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে তাঁরা খুশি। কিন্তু তাঁদের রোগী হিসেবে হাসপাতালে ভর্তি দেখিয়ে রোগীদের বরাদ্দের টাকায় তাঁদের খাবার সরবরাহ করা হয়েছে শুনে বিস্মিত। তিনি বলেন, এটা একদিক দিয়ে যেমন অনৈতিক, অন্যদিকে অপমানজনকও।
উল্লেখ্য, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ছুটির সময় নার্সরাও হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাঁদের জন্য খাবারের কোনো বরাদ্দ ছিল না।