রোগীদের সঙ্গে দুর্ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়রিয়ায় আক্রান্ত ছয় মাসের শিশুকে নিয়ে বাঘা উপজেলার বাউসা গ্রাম থেকে উদ্বিগ্ন মা গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য রাজশাহী শহরে ছুটে আসেন। শিশুটিকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। কিন্তু চিকিৎসকের দুর্ব্যবহার ও সেবা না পেয়ে ওই মা গত শনিবার দুপুরে হাসপাতাল ছেড়ে যান। সেদিন বিকেলেই নগরের একটি ক্লিনিকে শিশুটিকে ভর্তি করেন তিনি।
শিশুটির মায়ের ভাষ্যমতে, শনিবার বেলা সোয়া ১১টার দিকে ওয়ার্ডের চিকিৎসক আসগার হোসেন শিশুটিকে দেখতে যান। এ সময় শিশুটির শয্যার পাশে একটি গুঁড়া দুধের কৌটা দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চিকিৎসক। তাঁকে বকাঝকা করেন। একপর্যায়ে চিকিৎসক শিশুটিকে চিকিৎসা দেবেন না বলে শয্যার ওপরে ব্যবস্থাপত্র ছুড়ে ফেলেন। ওই সময় একজন শিক্ষানবিশ চিকিৎসক শিশুর অবস্থা খারাপ বলে তাঁকে (আসগর) অনুরোধ করলেও তিনি শোনেননি।
ওই দিন বেলা আড়াইটা পর্যন্ত ওয়ার্ডে অবস্থান করেও কোনো চিকিৎসকের দেখা না পেয়ে বাধ্য হয়ে শিশুটির মা হাসপাতাল ছেড়ে যান। এখন শহরের একটি ক্লিনিকে শিশুটির চিকিৎসা চলছে।
অভিযোগের বিষয়ে চিকিৎসক আসগার হোসেনের সঙ্গে গতকাল রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। একজন শিক্ষানবিশ চিকিৎসক তাঁকে অনুরোধ করেছিলেন এ কথা স্মরণ করিয়ে দিলে তিনি এই প্রতিবেদককে সামনাসামনি এসে কথা বলতে বলেন।
শিশুটির মায়ের ভাষ্যমতে, হাসপাতালে ভর্তির শুরু থেকেই তাতে ভোগান্তির শিকার হতে হয়েছে। সেদিন প্রথমে তিনি জরুরি বিভাগে যান। সেখান থেকে তাঁকে ১০ নম্বর ওয়ার্ডে যেতে বলা হয়। ওয়ার্ডে গেলে জানানো হয়, শয্যা খালি নেই। কেবিনে ভর্তি হতে হবে। সাত দিনের জন্য কেবিন ফি হিসেবে তিনি এক হাজার ৯২৫ টাকা জমা দেন। টাকা জমা দেওয়ার পরে তাঁকে জানানো হয়, ডায়রিয়ার রোগী কেবিনে রাখা যাবে না। তিনি টাকা ফেরত চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ এক দিনের জন্য ২৭৫ টাকা কেটে রাখতে চায়। এ টাকা উদ্ধারে তাঁকে চরম ভোগান্তি পোহাতে হয়।
এসব অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তির বিষয়টি এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের অব্যবস্থাপনা এবং রোগী ও তাদের স্বজনদের হয়রানির প্রতিবাদে কয়েক মাস আগে শহরে লাঠিমিছিল করেছে রাজশাহী শহর রক্ষা সংগ্রাম পরিষদ।
গত ৪ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের সুমন আলী ভর্তি হন হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তাঁকে ইনজেকশন দেওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে গড়িয়ে গেলেও কেউ তাঁর খোঁজ নেয়নি। সুমনের স্বজনদের পক্ষ থেকে বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁকে ইনজেকশন দেওয়া হয়।
অবহেলার বিষয়টি পরিচালককে জানানোর ‘অপরাধে’ সেবিকাদের চরম ভর্ৎসনার শিকার হতে হয় সুমনের অভিভাবকদের। সুমন জানান, ভয়ে রাতটা কাটিয়ে সকালেই তাঁরা হাসপাতাল ছেড়ে চলে যান।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক বলেন, তাঁকে জানানোর কারণে রোগীকে ভর্ৎসনা শুনতে হবে এটা হওয়ার কথা নয়।
গত ৮ নভেম্বর বাঘা উপজেলার নওটিকা গ্রামের মিনতি বেগমকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই দিনই রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী তাঁর কয়েকটি প্যাথলজিক্যাল পরীক্ষা (টেস্ট) করা হয়। তাঁর ছেলে মিদুল ইসলাম জানান, টেস্ট করার পরদিন হাসপাতালে এ রোগের কোনো চিকিৎসা নেই বলে তার মাকে ছাড়পত্র দেওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে অনেক দিন ধরেই সোচ্চার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রোগীদের ভোগান্তি দূর করার দাবিতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে চলেছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। চিকিৎসকদের দুর্ব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে রোগীরা হাসপাতাল ছেড়ে এখন নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হতে বাধ্য হচ্ছেন। আমরা এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে এর আগে লাঠিমিছিল করেছি। এবার ঝাড়ুমিছিল করব। এতেও অবস্থার উন্নতি না হলে বিজয় দিবসের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।’