ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত রোববার রাতে চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বজনদের বিরুদ্ধে ওই চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে।
মারা যাওয়া রোগীর নাম আছিয়া বেগম (৬৪)। তিনি বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লার বাসিন্দা মোসলেম মোল্লার স্ত্রী।
এলাকাবাসী, চিকিৎসক ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে আছিয়া বেগমকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় জরুরি বিভাগে মেডিকেল কর্মকর্তা দেবাশীষ সাহার কর্মরত থাকার কথা। কিন্তু রোগীকে আনার পর তিনি কক্ষে উপস্থিত ছিলেন না। রোগী আনার ২০ মিনিটের মধ্যে জরুরি বিভাগে বিনা চিকিৎসায় আছিয়া বেগম মারা যান। পরে চিকিৎসক এলে রোগীর স্বজনেরা তাঁকে মারধর করেন।
চিকিৎসক দেবাশীষ সাহা বলেন, ‘ওই রোগীকে জরুরি বিভাগে আনার সময় তিনি হাসপাতালের দ্বিতীয় তলায় রোগীর দেখভাল করছিলেন। এ জন্য জরুরি বিভাগে আসতে কয়েক মিনিট দেরি হয়। আমি আসার আগেই দায়িত্বরত সেবিকা নাড়ি পরীক্ষা করে জানান, রোগী মারা গেছেন।’
আছিয়া বেগমের নাতি সোহানুর রহমান বলেন, ‘তাঁর দাদি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কোনো চিকিৎসক ছিলেন না। খোঁজ নিয়ে জানতে পারি তিনি ব্যাডমিন্টন খেলছেন। তিনি আসার আগে দাদি মারা যান। তাঁকে মারধর করা হয়নি। তবে চিল্লাচিল্লি হয়েছে।’
দেবাশীষ সাহা বলেন, ‘আমি গত দুই বছরের মধ্যে র্যাকেটে হাত দিইনি। কীভাবে ব্যাডমিন্টন খেলতে হয় তা-ও জানি না। রোগীর সঙ্গে আসা কিছু উচ্ছৃঙ্খল লোকজন আমার ওপর চড়াও হয়ে মারধর করেন।’
উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘চিকিৎসককে মারধরের ঘটনায় অন্য চিকিৎসকেরা কর্মবিরতি বা ধর্মঘট পালন করেননি। তবে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি এ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আসেন। তাঁরা চলে যাওয়ার পর আমরা রোগী দেখা শুরু করি। স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে। যখন যে চিকিৎসকের ডিউটি থাকে না, তিনি ব্যাডমিন্টন খেলেন।’
ইউএনও বলেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার চিকিৎসক ও মৃত ব্যক্তির স্বজনদের নিয়ে আবার আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।