রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর ও ভাঙচুর, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় তাঁর স্বজনেরা এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসককে মারধর এবং হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়।

হামলায় জড়িত থাকার অভিযোগে পরাগ আহমেদ (২১) নামের এক তরুণকে আটক করা হয়েছে। তিনি বাজিতপুর পৌর এলাকার হাজীপাড়ার ফরহাদ আহমেদের ছেলে এবং মারা যাওয়া রোগী আজিজুল হকের (৭০) নাতি। এ ঘটনায় জেলা বিএমএর সভাপতি মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, গতকাল বেলা একটার দিকে শহরতলির চরশোলাকিয়া এলাকার আজিজুল হক নামের এক রোগীকে হাসপাতালের কার্ডিও পালমোনারি ওয়ার্ডে (সিপিইউ) ভর্তি করা হয়।  বেলা ২টা ৪০ মিনিটে রোগীর মৃত্যু হয়। এ সময় রোগীর নাতি পরাগ আহমেদ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক খায়রুন্নেছা তামান্নার ওপর হামলা চালান এবং ইসিজি মেশিনসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে আজিজুল হকের মেয়ে নূপুর বলেন, এ রকম জটিল রোগীকেও  শৌচাগারে নিয়ে প্রসাব করাতে বলা হয়। রোগীকে বিছানা থেকে উঠিয়ে বসাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে উত্তেজিত হলে পরাগের সঙ্গে ওই চিকিৎসক দুর্ব্যবহার করেন।

শিক্ষানবিশ চিকিৎসক খায়রুন্নেছা তামান্না বলেন, চিকিৎসায় কোনো রকমের গাফিলতি ছিল না এবং রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়নি। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আটক পরাগকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলায় তাঁকে আসামি করা হলে আইনি ব্যবস্থাসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।