রোগীর মৃত্যুর ঘটনায় ক্লিনিক বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার পাবনার বেড়া পৌর এলাকায় অবস্থিত একটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লিনিকটি অনুমোদনহীন অবস্থায় চলছিল বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
ক্লিনিক কর্তৃপক্ষ ও রোগীর স্বজন সূত্র বলে, গত শনিবার সকালে বেড়া পৌর এলাকার চৌধুরী ক্লিনিকে সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের নাসিমা বেগম (২১) নামের সন্তানসম্ভবা এক নারী ভর্তি হন। ওই দিন বেলা তিনটার দিকে তাঁকে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তান প্রসব করানো হয়। একপর্যায়ে রোগীর অবস্থার অবনতি ঘটলে ক্লিনিক কর্তৃপক্ষ উন্নততর চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বা রাজশাহীতে নিতে স্বজনদের পরামর্শ দেয়। এ কারণে বিকেল চারটার দিকে স্বজনেরা রোগীকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এদিকে এ মৃত্যুর ঘটনা জানাজানি হলে পাবনার সিভিল সার্জন বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে জানা যায়, অস্ত্রোপচারকারী ওই ক্লিনিকের অনুমোদন নেই। এতে সিভিল সার্জন বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেন।
কার্তিক কুমার সাহা বলেন, ক্লিনিকটির অনুমোদন না থাকায় সিভিল সার্জনের নির্দেশে সেটি বন্ধ করা হয়েছে। তবে অনুমোদন থাকায় ক্লিনিকটির রোগনির্ণয়কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) বন্ধ করা হয়নি।
ক্লিনিকের মালিক মোতাহার আলম চৌধুরী বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছিল। তবে রোগীর আগে থেকেই শারীরিক কিছু সমস্যা ছিল, যা স্বজনেরা আমাদের অস্ত্রোপচারের পর জানান। তাই অস্ত্রোপচারের পর রোগীর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বড় কোনো হাসপাতালে নিতে বলেছি। আর আমাদের ক্লিনিকের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। সেটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।’