রোজগারের অর্ধেকই যায় মাদক সেবনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ভটভটি চালক। দিনে সর্বোচ্চ পাঁচ শ টাকা আয় করেন। এর অর্ধেকেরও বেশি টাকা ব্যয় হয় মাদক সেবনে। এ কারণে সংসার চালাতে পারেন না। এতে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে গতকাল সোমবার তাঁকে পুলিশে দিয়েছে।
ওই ব্যক্তির নাম বাবু হোসেন (২৭)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের পশ্চিম আমুট্ট মহল্লার নুরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের পর পুলিশ বাবু হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ তাঁকে এক বছরের কারাদণ্ড এবং দুই হাজার জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের কক্ষে থানা অবস্থায় বাবু হোসেন বলেন, ‘ভটভটি চালাই। প্রতিদিনের রোজগারের টাকা থেকে তিন শ টাকার নেশা করি। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ছিলাম। সেখান থেকে আসার কিছুদিন পর আবার নেশায় জড়িয়ে পড়েছি। পরিবারের লোকজন আমাকে ভালো করার অনেক চেষ্টা করেছে, কিন্তু নেশা ছাড়তে পারিনি। আমাকে আর একবার ভালো হওয়ার সুযোগ দেন।’
বাবু হোসেনের মা সুলতানা বেগম বলেন, ‘ও রোজগার করলে আর নেশা করবে না বলেছিল। অনেক কষ্টে তাকে ভটভটি কিনে দিয়েছিলাম। এখন যা রোজগার করে, তার অর্ধেকের বেশিই নেশা খায়।’
আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, গতকাল দুপুর ১২টার দিকে বাবু হোসেন তাঁর বাড়িতে বসে হেরোইন সেবন করছিলেন। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
ওসি সিরাজুল ইসলাম বলেন, বাবু হোসেন দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবা সেবন করে আসছিলেন। তাঁর স্বীকারোক্তি অনুসারে পৌর সদরের ফকিরপাড়া মহল্লার নুর ইসলাম, পশ্চিম আমুট্ট মহল্লার মানিক ও মন্টুর বাড়িতে হেরোইন ও ইয়াবা বিক্রি হয়। তাঁদের গ্রেপ্তার করা হবে।