রোহিঙ্গা মানব পাচারকারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে এক রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহত আমান উল্লাহ ওরফে আনু (৩০) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
পুলিশের দাবি, মানব পাচারের টাকার ভাগাভাগি নিয়ে উপজেলার নীলা ইউনিয়নের আলিখালী গ্রামের লবণমাঠে গতকাল সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে আনু নিহত হন। টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন তিনি।
গত মে মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিক বন্দুকযুদ্ধের ঘটনায় টেকনাফে তিনজন, উখিয়ায় দুজন, কক্সবাজার সদর এলাকায় দুজনসহ মোট সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, আলিখালী গ্রামের লবণমাঠে গতকাল ভোর চারটার দিকে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দুটি সন্ত্রাসী দলের সদস্যরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পাশের প্যারাবনে ঢুকে পড়েন। মানব পাচারের টাকা ভাগাভাগি নিয়ে বন্দুকযুদ্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনুকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি এলজি, তিনটি গুলির খোসা ও মানব পাচারের লেনদেন-সংক্রান্ত চারটি খাতা উদ্ধার করে। আনুর বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচারের তিনটিসহ ছয়টি মামলা রয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ জানান, আনুর কপালের ডান পাশে ও বুকের গুলির চিহ্ন ছিল।
নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা নুরুল আলম জানান, ২০১৪ সালে ২৬ জানুয়ারি তাঁর ছেলে বশির আহমদ এবং বাসিন্দা শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলীকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচার করেছিলেন আনু। ১৫ দিন পর বশির ও আলী থাইল্যান্ডের জঙ্গল থেকে মুঠোফোনে নির্যাতনের বর্ণনা দিয়ে আড়াই লাখ টাকা করে মুক্তিপণ পাঠাতে বলেন। তা না-হলে দালাল চক্র দুজনকে হত্যা করবে বলে তাঁরা জানান। পরে ঘরের স্বর্ণালংকার বিক্রি করে মুক্তিপণের টাকা আনুর হাতে তুলে দেওয়া হলেও এখনো ওই দুজনের কোনো খোঁজ মেলেনি।
রোহিঙ্গা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব এবং নয়াপাড়া শরণার্থী শিবিরের ইনচার্জ জালাল উদ্দিন জানান, ১৯ হাজার ২৭৯ জন রোহিঙ্গা রয়েছে নয়াপাড়া শিবিরে। এই শিবিরের সীমানা দেয়াল না থাকায় শরণার্থীরা যখন-তখন বাইরে যাওয়ার সুযোগ পায়। এ সুযোগে অনেকে অপরাধেও জড়িয়ে পড়েছে। তিনি জানান, নিহত আনুর বাবা মো. শফি এই শিবিরে থাকেন। কিন্তু গ্রেপ্তারের ভয়ে আনু বেশির ভাগ সময় শিবিরের বাইরে থাকতেন। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন, মাদক এবং অস্ত্র আইনেও মামলা রয়েছে।