রোহিঙ্গা শিবিরে কর্মরত ৩৯ বিদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরে বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় কর্মরত ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা শিবিরে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থায় (এনজিও) এক হাজারের বেশি বিদেশি নাগরিক চাকরি করছেন। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের রোহিঙ্গা শিবিরে চাকরি করার অনুমতি বা ভিসা ছিল না। এ কারণেই তাঁদের আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক ৩৯ বিদেশির মধ্যে ফ্রান্সের পাঁচজন, নিউজিল্যান্ডের একজন, কানাডার দুজন, যুক্তরাষ্ট্রের ছয়জন, নেদারল্যান্ডসের দুজন, থাইল্যান্ডের একজন, তুরস্কের পাঁচজন, ইন্দোনেশিয়ার তিনজন, মালয়েশিয়ার চারজন, ভারতের একজন, জাপানের দুজন, ডেনমার্কের একজন, কেনিয়ার তিনজন, গ্রিসের একজন, যুক্তরাজ্যের একজন ও সুইজারল্যান্ডের একজন। পরে আটক বিদেশিদের পাসপোর্ট জব্দ করে জিজ্ঞাসাবাদের জন্য উখিয়া থানায় আনা হয়।

পুলিশ আরও জানিয়েছে, রোহিঙ্গা শিবিরে কাজ করেন প্রায় ১ হাজার ২০০ বিদেশি নাগরিক। তাঁদের অনেকের ওয়ার্ক পারমিট নেই বলে গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে ধরা পড়েছে। এরপরই পুলিশ অভিযানে নামে।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, উখিয়া সড়কে চেকপোস্ট বসিয়ে ৩৯ জন বিদেশিকে আটক করা হয়। তাঁরা টুরিস্ট ও বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসে রোহিঙ্গা শিবিরে চাকরি করছিলেন। এটি বেআইনি হওয়ায় বিদেশিদের আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে চাকরির ভিসা নিয়ে রোহিঙ্গা শিবিরে কাজ করতে আসবেন বলে অঙ্গীকার করেছেন তাঁরা।