রোহিঙ্গাদের টাকা দেওয়ার সময় ৫ বিদেশিসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা শিবির থেকে আজ সোমবার সন্ধ্যায় চীনের পাঁচ নাগরিকসহ সাত ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের মাঝে টাকা বিতরণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া চীনের নাগরিকেরা হলেন, বাই ওয়েন (৪০), মা চাই ইউমিং (৩৮), মা ইউ ইং (৩৪), ছে লিং (২৫) ও ইয়া মিং গু (৩৭)। বাকি দুজন হলেন: টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের আবুল খাইরের ছেলে মো. শফিউল্লাহ (৪২) ও কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়ার আবু তাহেরের ছেলে জামিল তাহের (৩৯)। রাত সাড়ে আটটার দিকে তাঁদের টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার সকালে লেদা আনরেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) মাঝে টাকা বিতরণের সময় বিজিবি সদস্যরা চীনের পাঁচ নাগরিকসহ সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বাংলাদেশি ১৫ লাখ ৮৪ হাজার ৮০৬ টাকা, ১ হাজার ৯০০ মার্কিন ডলার ও ২ হাজার ৬২৫ চায়না মুদ্রা, ৭টি মোবাইল সেট, ৪টি পাসপোর্ট, ১৬টি ক্রেডিট কার্ড, ৩টি ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, প্রশাসনের অনুমতি ছাড়া রোহিঙ্গাদের মাঝে টাকা বিতরণ আইনত নিষিদ্ধ। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, বিজিবির হাতে আটক চীনের পাঁচ নাগরিকসহ সাতকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে রোহিঙ্গাদের টাকা বিতরণ হচ্ছে—এ ব্যাপারে চীনের নাগরিকেরা মুখ খুলছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।