রৌমারী সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারীর মোল্লারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মনছের আলী (৪০)। বাড়ি উপজেলার বামনের চর পশ্চিমপাড়ায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত রোববার রাত ১১টার দিকে ভারত থেকে গরু পার করার সময় ভারতের কুচনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়েন। এতে আহত হন মনসের আলী। রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অলক কুমার সরকার বলেন, গুলিটি মনছেরের বুকের ডান দিকে বিদ্ধ হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।
মনছের আলীর স্ত্রী রাবেয়া খাতুন বলেন, তাঁর নয় বছর বয়সী ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে আছে। এখন তাঁর পরিবার কীভাবে চলবে, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
বাংলাদেশি নিহতের ঘটনায় মোল্লার চর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বেলা আড়াইটার দিকে সামান্তের নো ম্যান্স ল্যান্ডে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির জামালপুর সেক্টরের ৬ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের পানবাড়ী ৫৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজা পাল।
লে. কর্নেল রাকিবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আধা ঘণ্টার পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এ সময় ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেয় বিএসএফ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মনছের আলীর লাশ গতকাল সোমবার ভোরে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।