রৌমারী স্থলবন্দরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দরে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। ট্রাকে মালামাল ওঠানো ও নামানোর কাজের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল শনিবার এই সংঘর্ষ হয়।
আহত শ্রমিকদের সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন অবি চাঁন (২৮), মিঠু মিয়া (৫৫), আবদুল মান্নান (৪০), জয়নাল আবেদীন (৭০), আবদুল গফুর (২৭), অজিমা বেগম (৪৫) ও আজহার আলী (৬০)। তাঁদের সবার বাড়ি রৌমারী উপজেলার চর নতুন বন্দর এলাকায়।
জানা গেছে, রৌমারী স্থলন্দরের কুলি-শ্রমিক সরদার নুর কালামের দলের এলসি পয়েন্টে ট্রাক লোড-আনলোডের কাজের নিবন্ধন করা আছে। এরা দীর্ঘদিন ধরে ভারত থেকে আসা ও বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্য ট্রাকে ওঠানো-নামানোর কাজ করে আসছে। গতকাল সকালে বন্দরের অপর কুলি-শ্রমিক সরদার ছলিমউদ্দিন দলবল নিয়ে স্থলবন্দরে এসে ওই কাজ করতে চাইলে নুর কালামের দল তাঁদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন।