রৌমারীতে অধ্যক্ষের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত হামলা করেছে। এ সময় তারা কলেজের কাগজপত্র, পাঁচ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
অধ্যক্ষের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, ‘গুলির শব্দে মঙ্গলবার রাত তিনটার দিকে ঘুম ভেঙে যায়। তাদের মধ্যে দুজন কাপড় দিয়ে আমাকে বেঁধে ফেলে বুকে ও মাথায় পিস্তল ঠেকায় এবং আমার কাছে আলমারির চাবি চায়। চাবি দিলে ওরা আলমারি খুলে পাঁচ লাখ টাকাসহ সাত ভরি ওজনের স্বর্ণালংকার নেয়। এ সময় কয়েকটি আলমারির কাগজপত্র-কাপড় তছনছ করে। তারা কলেজের কিছু জরুরি কাগজপত্রও নিয়ে যায়। পরে ভাড়াটেদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ সময় অধ্যক্ষ বাড়িতে ছিলেন না।’
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, অধ্যক্ষের কোনো শত্রু নেই। তিনি ভালো মানুষ। তবে কলেজের সভাপতির পদ নিয়ে কিছুদিন ধরে অধ্যক্ষ ও সাবেক সভাপতির মধ্যে দ্বন্দ্ব চলছিল। অধ্যক্ষের স্ত্রীও একই কথা বলেন। কলেজের পাশেই অধ্যক্ষের বাড়ি। এ ছাড়া ওই বাড়িতে বেসরকারি সংস্থা আশার শাখা অফিস। আশার যাদুরচর শাখার ব্যবস্থাপক জুবাইরুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের মারডাং করে মুঠোফোন ছিনিয়ে নেয়।’
বাড়ির ভাড়াটে রবিউল ইসলাম বলেন, ওই দলে পাঁচজন সদস্য ছিল। তারা প্রথমে এসেই অধ্যক্ষ কোথায় জানতে চায়। এ সময় ওয়্যারলেসে একজন বলছিল, ‘গুলি করো শালাকে, গুলি করো।’ তার উত্তরে ওই সদস্য বলে, রফিকুল বাড়ি নেই।
তবে অধ্যক্ষ বলেন, ‘রাতে আমি বাসায় ছিলাম না। বাড়িতে এসে জানলাম, কালো পোশাক পরা ২০-২২ জনের একটি দল ঘরে ঢুকেই বলে, থানা থেকে এসেছি। এরপর আমার স্ত্রীকে বেঁধে মারপিট করে ওই টাকা, স্বর্ণালংকারসহ কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। তারা আশার কর্মীদের মুঠোফোন কেড়ে নিলেও তাঁদের ১০ থেকে ১২ মোটরসাইকেল ছিল, তা নেয়নি। এতে সন্দেহ হয়, ওই দলটি কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করতে এসেছিল।’
এদিকে উলিপুর-বি সার্কেলের জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান মিয়া গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, অধ্যক্ষের স্ত্রীর দাবি অনুসারে কলেজের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। অনেক বিষয় মাথায় রেখে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) রুহানী পিপিএম বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।