রৌমারীতে কৃষককে কুপিয়ে হত্যা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আজমল হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর তাঁর মরদেহ বাড়ির পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামে আজমল হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই মনিরুজ্জামান ওরফে মহিজলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ মঙ্গলবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী জমিতে আজমল হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আজমলের ছেলে আবদুল হামিদ ও নজরুল ইসলাম অভিযোগ করেন, রাতে চাচারা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ফেলে রাখেন।
হত্যায় জড়িত সন্দেহে পুলিশ নিহত আজমলের ভাই ময়নাল হক (৪৫), আজাহার আলী (৪৮) এবং স্বজন তয়জল হক (৫০) ও মতিয়ার রহমান (৩৮) নামের চারজনকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহানী পিপিএম জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত ব্যক্তির বড় ছেলে আবদুল হামিদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।