রৌমারীতে নিজ ঘরে দম্পতির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে এক দম্পতিকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ ঘর থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দম্পতি হলেন গোলাম হোসেন (৩২) ও তাঁর স্ত্রী শিল্পী খাতুন (২৪)। গোলাম হোসেনের লাশ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। শিল্পীর লাশ মেঝেতে পড়ে ছিল।

পরিবারের সদস্যদের অভিযোগ, চার যুবক শিল্পীকে উত্ত্যক্ত করত। তাঁরাই ওই দম্পতিকে হত্যা করেছে।

পুলিশ বলেছে, গোলাম হোসেনের মা বাহাতন বেওয়া সকালে ছেলে ও ছেলের বউয়ের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে লাশ দেখে চিৎকার দেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রৌমারী থানা-পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে।

গোলাম হোসেন পাবনা জেলার এনায়েতপুরে তাঁতের কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন। তাঁদের দুটি মেয়ে রয়েছে। ওই রাতে বড় মেয়ে সুপ্তি (৯) নানার বাড়িতে ছিল। ছোট মেয়ে শোভা (৬) দাদির সঙ্গে ছিল।

গোলাম হোসেনের বড় ভাই সায়েজ উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় যুবক আবদুল আউয়াল, শামছুল হক, সানোয়ার হোসেন ও মাজম আলী শিল্পীকে উত্ত্যক্ত করছিলেন। গত ২২ জুন ওই চারজনের নামে রৌমারী থানায় সাধারণ ডায়েরি করেন শিল্পী। পুলিশ তৎপর না হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে সালিসে ওই চার যুবকের মুচলেকা নেওয়া হয়। সালিসের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন চার যুবক। তখন থেকে শিল্পী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তাঁরা।

রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।