রৌমারীতে বখাটের হামলায় শিক্ষার্থীর বাবা-মা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে গতকাল শুক্রবার রাতে এক শিক্ষার্থীর বাড়িতে বখাটেরা হামলা চালিয়ে তার বাবা, মা ও খালাকে আহত করে। তারা ঘরে ঢুকে রামদা ছুরি দিয়ে তিনজনকে কুপিয়ে আহত অবস্থায় ফেলে চলে যায়। আজ শনিবার সকালে আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এই পরিবারের দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারীরাই এ হামলা করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

পরিবারের সদস্য ও স্থানীয় মানুষ বলেন, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে যাদুরচর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে চার বখাটে উত্ত্যক্ত করে। এলাকাবাসী বখাটেদের আটক করে বিচার করেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়াল গ্রামের ইউপি সদস্য কলিম উদ্দিন ও ইছাকুড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম সাদা এবং বখাটের অভিভাবকেরা। সবার উপস্থিতিতে বখাটেরা তাদের অপরাধ স্বীকার করলে চড়-থাপ্পড় দিয়ে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
তাঁরা বলেন, দুই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া-আসার সময় মাদারটিলা সেতুর কাছে প্রতিদিন ওই চার বখাটে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব দিত। বখাটেদের ভয়ে দুই শিক্ষার্থী মাঝে মাঝে বিদ্যালয়ে যেত না।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ওই চার বখাটে ক্ষিপ্ত হয়ে গভীর রাতে শিক্ষার্থীর বাড়িতে হামলা চালায়। এ সময় স্কুলছাত্রীর বাবা আবু তালেব (৪৮) ও মা হোসনে আরা বেগম (৪০) এবং খালা তাহমিনা খাতুনকে (৩৫) এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। ঘরের আসবাব ভাঙচুর, কাগজপত্র তছনছ, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে।
শিক্ষার্থীর ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘বখাটেরা হুমকি দিয়েছিল। আর সেই অনুপাতে তারা পরিকল্পিতভাবে হামলা করেছে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার কাকা ও চাচি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন, প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এখনই কিছু জানাতে পারেননি চিকিৎসকেরা।’ উল্লেখ্য, গুরুতর আহত হোসনে আরা বেগম ফুলবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গতকাল এ হামলার পর স্থানীয় সাংসদ রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সালু ও এএসপি (সার্কেল) সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গ্রামবাসী বিক্ষোভ করে বখাটেদের দ্রুত গেপ্তার ও শাস্তির দাবি জানান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। আসলে কী ঘটেছিল, তা তদন্ত চলছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। প্রাথমিকভাবে যে তথ্য জানা গেছে, বখাটেরাই ওই হামলা চালিয়েছে। বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।