রৌমারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী সদর ইউপিতে দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হয়েছে, ভিজিডি, ফেয়ার প্রাইস ও কর্মসৃজন প্রকল্পে এসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
লিখিত অভিযোগ ও খোঁজ নিয়ে জানা গেছে, রৌমারী উপজেলার রৌমারী ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ইউপি সদস্যদের সহায়তায় টাকার বিনিময়ে এবং স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। তিনি ভিজিডি কার্ডপ্রতি ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা, ফেয়ার প্রাইস কার্ডে ২ হাজার টাকা, কর্মসৃজন প্রকল্পে নতুন নাম অন্তর্ভুক্তিতে ৩ হাজার এবং পুরোনো নাম অন্তর্ভুক্তিতে ২ হাজার টাকা করে নিয়েছেন। এ ছাড়া ঢেউটিন বিতরণ ও সেলাই মেশিন বিতরণেও উৎকোচ নেওয়া হয়। এ হিসাবে শুধু ৫ নম্বর ওয়ার্ডেই সরকারি সহায়তা দিয়ে প্রায় ১৫ লাখ টাকার উৎকোচ নেওয়া হয়।
রৌমারী উত্তর ইজলামারী গ্রামের বাবুল মিয়া সৌদি আরবে কর্মরত থাকলেও তাঁর নামে কর্মসৃজন কাজের কার্ড রয়েছে, নম্বর ২৫৩। ফুলবাড়ী গ্রামের রহমত উল্লাহর পরিবার তিনটি সরকারি সেবা কার্ড পেয়েছে। রহমত উল্লাহর নামে ফেয়ার প্রাইস কার্ড, নম্বর ২০৪২; তাঁর স্ত্রী রাবেয়া খাতুনের নামে ভিজিডি কার্ড, নম্বর ৪২৫ ও ছেলে রমিছের নামে ফেয়ার প্রাইস কার্ড, নম্বর ২০৪১ রয়েছে। এ ছাড়া রহমত উল্লাহর নামে ঢেউটিন এবং ছেলের স্ত্রীর নামে সেলাই মেশিন দেওয়ার অভিযোগ রয়েছে।
চর ফুলবাড়ী গ্রামের ফুল মিয়া ও জোবেদ আলী অভিযোগ করেন, টাকা দিতে না পারায় তাঁদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি। এ গ্রামের হতদরিদ্র ৪০টি পরিবারের একই অবস্থা। সাবলুর স্ত্রী জেলেখা বলেন, ‘ভিজিডি কার্ডের জন্য মেম্বারকে ৪ হাজার টাকা দিয়েছি।’ মন্টু মিয়ার স্ত্রী মাহফুজা ফেয়ার প্রাইস কার্ডের জন্য উৎকোচ দেন ২ হাজার, জহুরা কর্মসৃজন কাজের জন্য ২ হাজার এবং আমজাদ কর্মসৃজন কাজে নতুন নাম অন্তর্ভুক্তির জন্য ৩ হাজার টাকা উৎকোচ দিয়েছেন বলে দাবি করেন।
তবে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জোনাব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, রহমত উল্লাহ পঙ্গু হওয়ায় তাঁর ছেলেমেয়ের পড়াশোনা চালিয়ে যেতে একাধিক সামাজিক নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। মূলত ভিজিডি, ফেয়ার প্রাইস, কর্মসৃজন কর্মসূচি, সেলাই মেশিন ও ঢেউটিন দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানের হাতে।
রৌমারী ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও একই পরিবারে একাধিক সদস্যের নামে ভিজিডি, ফেয়ার প্রাইস, কর্মসৃজন প্রকল্পের সুবিধা দেওয়ার কথা স্বীকার করেন।