রৌমারীর অপহৃত ব্যবসায়ী গাইবান্ধায় উদ্ধার, গ্রেপ্তার ৩
কুড়িগ্রামের অপহৃত ফল ব্যবসায়ী আবদুল জলিলকে (৪৮) গতকাল মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার কোমরপুর গ্রাম থেকে উদ্ধার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন কোমরপুর গ্রামের সারোয়ার হোসেন (৩৫), তাঁর স্ত্রী শাহানা বেগম (৩০) এবং ঠেংগারজানি গ্রামের খোকন মিয়া (৩০)। গতকালই এঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে অপহৃত ব্যবসায়ী আবদুল জলিল বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ মোট চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন।
গাইবান্ধা ডিবি পুলিশ সূত্র জানায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোত্তিমারী গ্রামের আবদুল জলিল একজন ফল ব্যবসায়ী। ফল বিক্রির বকেয়া টাকা আদায়ের জন্য গত সোমবার তিনি গাইবান্ধা শহরে আসেন। ওই দিন রাত ১০টার দিকে সারোয়ার হোসেন ও খোকন মিয়া গাইবান্ধা শহরের ডিবি রোড এলাকা থেকে কৌশলে তাঁকে অপহরণ করেন। পরে তাঁরা ওই ব্যবসায়ীকে কোমরপুর গ্রামে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁর হাত-পা-মুখ বেঁধে ঘরে আটকে রাখেন।
ওই দিন রাতেই অপহরণকারীরা আবদুল জলিলের ছোট ভাইয়ের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। গভীর রাতে অপহরণকারীদের ব্যক্তিগত বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দেওয়া হয়। পরে আতাউর রহমান নামে রৌমারীর এক স্কুলশিক্ষক বিষয়টি গাইবান্ধার পুলিশকে জানান। পরে মুঠোফোনের সূত্র ধরে গাইবান্ধা ডিবি পুলিশ গতকাল সকালে কোমরপুর গ্রামে অভিযান চালায়। পুলিশ সারোয়ার হোসেনের বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ করে মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অপরজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।