র্যা ব পরিচয়ে দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় র্যা ব পরিচয়ে জীবননাশের হুমকি দিয়ে দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ির বাসিন্দা মোন্নাফ আলী সরকার গতকাল বুধবার তাঁর বাড়িতে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মোন্নাফ বলেন, গত ২৪ আগস্ট রাতে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেলে করে ১৬-১৮ জন অপরিচিত লোক তাঁর বাড়িতে আসেন। তাঁরা র্যা ব পরিচয় দিয়ে জোর করে বাড়িতে ঢুকে আলমিরাসহ পুরো বাড়ি তল্লাশি চালান। তাঁর (মোন্নাফ) ছেলে মাহমুদ হাসান তাঁদের কাছে তল্লাশির কারণ জানতে চাইলে তাঁরা ক্ষিপ্ত হয়ে মাহমুদকে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করেন। এ সময় বাড়ির নারী সদস্যরা ছুটে এলে তাঁদেরও মারধর করা হয় এবং তাঁদের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশেরর হুমকি দেওয়া হয়। তাঁরা চলে যাওয়ার সময় বাড়িতে থাকা দুটি মোটরসাইকেল নিয়ে যান। এ ঘটনার পর গত কয়েক দিনে তিনি (মোন্নাফ) নীলফামারী, রংপুর ও দিনাজপুর র্যা ব কার্যালয়ে যোগাযোগ করে ঘটনাটি জানতে চান। কিন্তু সেখান থেকে তাঁকে বলা হয়, র্যা ব ওই দিন রাতে কোথাও অভিযান চালায়নি। এ বিষয়ে থানায় জিডি করতে গেলে তারা তা নেয়নি। মোন্নাফ এ ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ওসি আমিরুল ইসলাম বলেন, মোন্নাফের অভিযোগটি সরাসরি র্যা বের বিরুদ্ধে। তাই তাঁকে বলা হয়েছিল, তদন্ত করে জিডি নথিভুক্ত করা হবে। কিন্তু পরে তিনি থানায় আসেননি।