র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজারের পাশে ভৈরব রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাসুদ ওরফে গাব্বা মাসুদের (৩৪) বাড়ি ভূঞা বাজারের পাশে। র্যা বের ভাষ্যমতে, তিনি ডাকাত ছিলেন। এদিকে মাসুদের পরিবার বলছে, গত বুধবার পাঁচ-ছয়জন লোক মাসুদকে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রমতে, মাসুদ সোনাগাজীর ভাগিনা কালাম বাহিনীর সদস্য ছিলেন। এই বাহিনী উপকূলীয় এলাকায় ডাকাতি করে। মাসুদ যুবদলের ক্যাডার হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম বলেন, সোনাগাজীর মধ্যম চর চান্দিয়া এলাকার সৌদিপ্রবাসী এনাম ও তাঁর ওমানপ্রবাসী ছেলে সোহেল সম্প্রতি দেশে আসেন। মাসুদের নেতৃত্বে একদল ডাকাত তাঁদের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে শুক্রবার রাত দুইটার দিকে র্যা ব সেখানে অভিযান চালায়। র্যা বের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি চালায়। এতে মাসুদ গুলিবিদ্ধ হন। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে মাসুদকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফেনী সদর হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যা বের ভাষ্যমতে, বন্দুকযুদ্ধে র্যা বের দুজন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও পাঁচটি দা-কিরিচ উদ্ধার করা হয়েছে।
এদিকে মাসুদের ছোট ভাই জামশেদ আলম বলেন, মাসুদ চট্টগ্রামের ছোট কুমিরা এলাকায় এক আত্মীয়ের দোকানে কাজ করতেন। বুধবার মাইক্রোবাসযোগে পাঁচ-ছয়জন লোক সেখানে গিয়ে মাসুদকে তুলে নিয়ে যান।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, নিহত মাসুদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা আছে।