র্যা ব-পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
পাবনা ও যশোরে গত বৃহস্পতিবার রাতে পুলিশ ও র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা চরমপন্থী দলের সদস্য এবং মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যশোরে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন আবু তালেব (৪০)। তিনি শহরের বারান্দিপাড়া এলাকার নিয়ামত গাজীর ছেলে। পাবনার ঈশ্বরদীতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জহুরুল ইসলাম (৩২)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঙ্খরোয়া গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায় শহরতলির তরফ নওয়াপাড়ার একটি খেজুরবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ সেখানে গিয়ে মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে খেজুরবাগান তল্লাশি করে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তালেব স্থানীয় মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, মাদক, ডাকাতিসহ ২৫টি মামলা রয়েছে।
পাবনায় র্যা বের কর্মকর্তারা বলেন, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের একটি বাগানে সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যা ব সেখানে অভিযান চালায়। র্যা ব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। র্যা বের সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে র্যা বের সদস্যরা বাগানে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে র্যাব খোঁজখবর নিয়ে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করে।
র্যা ব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার আকরামুল ইসলাম গতকাল শুক্রবার জানান, নিহত জহুরুল চরমপন্থী দল সর্বহারা পার্টির নেতা।