র্যাফল ড্রয়ে কর ফাঁকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় তাঁতবস্ত্র মেলায় সার্কাসে অশ্লীল নাচ-গান চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মেলায় র্যাফল ড্রর নামে প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এসব কারণে বিপথগামী হওয়াসহ অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসনের দেওয়া মেলার অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে, র্যাফল ড্রর টিকিট বিক্রির অর্থের শতকরা ২০ ভাগ ভ্যাট দিতে হবে। কিন্তু এ শর্ত মানছে না কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিদিন সাত থেকে আট লাখ টাকার পুরস্কার বিতরণেও আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে।
র্যাফল ড্র পরিচালনাকারী কর্তৃপক্ষ সূত্র জানায়, ১১ নভেম্বর পাথরঘাটার জিয়া মাঠে মাসব্যাপী তাঁতবস্ত্র মেলা শুরু হয়। ওই দিন থেকেই নিউ সোনালি র্যাফল ড্র শুরু হয়। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ড্রর টিকিট বিক্রি চলে। দিনব্যাপী টিকিট বিক্রি করে রাত ১০টার পরে মেলার মাঠে ড্র হয়। অনুষ্ঠানটি স্থানীয় কেব্ল অপারেটরের মাধ্যমে রাত ১০টা থেকে দুই ঘণ্টা ধরে সরাসরি সম্প্রচার করা হয়। প্রতিদিন ৪০ থেকে ৪৫টি ব্যাটারিচালিত রিকশায় করে প্রত্যন্ত গ্রামগঞ্জ ও হাটবাজারে মাইক বাজিয়ে এসব টিকিট বিক্রি করা হয়। এ ছাড়া বাজার ও জনবহুল এলাকায় পাঁচ থেকে সাতটি স্থায়ী টিকিট বিক্রির কাউন্টার রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ২০ টাকা। র্যাফল ড্রয়ে প্রতিদিন গড়ে ১৮ লাখ টাকার টিকিট বিক্রি হয়। পুরস্কার বাবদ খরচ হয় সাত থেকে আট লাখ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বলেন, মেলাস্থলে সার্কাস শো শুরুর আগে ও পরে চলে অশ্লীল নাচ। স্কুল-কলেজের কিশোর-তরুণ ও বিভিন্ন বয়সের লোকজন এসব দেখছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আগে এক মাস ধরে মাইক বাজিয়ে এসব অনুষ্ঠানের প্রচার চালানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকসহ সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করছেন।
র্যাফল ড্র পরিচালনা কমিটির প্রধান বেল্লাল হোসেন বলেন, ‘আমাদের র্যাফল ড্র কর ও ভ্যাটের আওতামুক্ত। শুধু মেলা কমিটির ব্যয় বাবদ নির্ধারিত ৫৫ হাজার টাকা প্রতি রাতে কমিটিকে দিই।’
জেলা আয়কর পরিদর্শক সুকান্ত কুমার দে বলেন, আয়করের টাকা জমা দেওয়ার জন্য মেলা কমিটির কাছে নোটিশ দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো টাকা জমা দেয়নি। এ ঘটনায় দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেলা কমিটির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, ‘র্যাফল ড্র কর্তৃপক্ষ মেলা কমিটিকে মেলার আনুষঙ্গিক ব্যয় বাবদ প্রতি রাতে ৫৫ হাজার টাকা দেয়। তবে আয়কর কে দেবে তা আমাদের জানা নেই।’
জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম বলেন, ‘এ বিষয়ে আমি অভিযোগ পাইনি। আমি খোঁজ নেব এবং সত্যতা পেলে মেলা বন্ধ করে দেওয়া হবে।’