র্যাব পরিচয়ে অপহরণের সময় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ থেকে একরামুল হক নামের এক যুবককে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে বিরামপুরে এসে রোস্তম আলী ও আবু সালেহ মো. ফারুক নামের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একরামুল হক বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেছেন। একরামুল হক নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের আ. খালেকের ছেলে। আটক আবু সালেহ মো. ফারুকের ঘোড়াঘাট উপজেলার সিঙড়া (সাঁওতাল পাড়া) গ্রামে ও রোস্তম আলীর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আবুল বাহাপুর (বিরটা) গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, একরামুল হক পেশায় ভ্যানচালক। বুধবার দুপুরে রোস্তম ও আবু সালেহ মোটরসাইকেলে নবাবগঞ্জের দলারদরগা বাজার এসে নিজেদের র্যাব পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একরামুলকে পাশে ডেকে নেয়। কথাবার্তার একপর্যায়ে একরামুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে রোস্তম এবং আবু সালেহ বিরামপুরের দিকে রওনা দেন। বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন লোক মোটরসাইকেলে করে ধাওয়া করেন। বিরামপুর দক্ষিণ রেলগুমটিতে এসে রোস্তম ও আবু সালেহকে এলাকাবাসী ধরে ফেলে একরামুলকে উদ্ধার করেন। পরে পুলিশ খবর পেয়ে রোস্তম ও আবু সালেহকে থানায় নিয়ে যায়। ঘটনায় বুধবার রাতে একরামুল হক বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, রোস্তম আলীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় একাধিক মামলা আছে। গতকাল বৃহস্পতিবার আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।