র্যাব পরিচয়ে দুই ভাইকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে র্যাব পরিচয়ে দুই ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পাঁচ দিন পরও তাঁদের সন্ধান মেলেনি। এ ঘটনায় ৯ নভেম্বর অপহৃত দুই ভাইয়ের বাবা আমজেদ মাতুব্বর ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তারাইল গ্রামের বাসিন্দা নয়ন হাওলাদার বলেন, ৮ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে র্যাবের পোশাক পরা অস্ত্রধারী ১৮-২০ জন ব্যক্তি তারাইল গ্রামের আমজেদ মাতুব্বরের বাড়িতে এসে তাঁর দুই ছেলে সোহেল মাতুব্বর (২৪) ও জুয়েল মাতুব্বরকে (২০) মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর থেকে ওই দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি।
পুলিয়া বাজারের নৈশপ্রহরী মানিক দাস বলেন, সেই রাতে ঢাকা থেকে আসা একটি সাদা মাইক্রোবাস ও দুটি কালো রঙের গাড়িতে করে র্যাবের পোশাক পরা লোকজন এসে জুয়েলদের বাড়ির কথা জানতে চায়।
আমজেদ মাতুব্বর বলেন, ‘আমি ঘটনার পরের দিন র্যাব অফিসে খোঁজ নিয়েছি। তারা বিষয়টি অস্বীকার করেছে। এরপর ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার বড় ছেলে সোহেল গার্মেন্টসে চাকরি করত। ছোট ছেলে জুয়েল মাদারীপুরের শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, ‘দুই ভাইকে খোঁজা হচ্ছে। আমরা র্যাবের ফরিদপুর, মাদারীপুর ও বরিশালসহ বিভিন্ন কার্যালয়ে যোগাযোগ করেছি। র্যাব এ অপহরণে সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছে।’
ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে র্যাব-৮ ফরিদপুর কার্যালয়ের অধিনায়ক মোজাম্মেল হোসেন বলেন, ‘এ জাতীয় কোনো অপারেশন ফরিদপুর র্যাব করেনি। তাই বিষয়টি আমার জানা নেই।’