র‌্যাবের অভিযানে ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চালানো র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব–৩–এর কর্মকর্তারা জানান, শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে নিয়োজিত একটি ব্যক্তিগত গাড়িও জব্দ করা হয়। ব্যক্তিগত গাড়ির পেছনের অংশে অভিনব কৌশলে ওই ফেনসিডিল লুকানো ছিল। গ্রেপ্তার দুজন হলেন শাহাব উদ্দিন (২৪) ও শাহ আলম (৪৫)।

র‌্যাব–৩–এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ফেনসিডিল কিনে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

র‌্যাব–১ জানায়, শুক্রবার দুপুরে গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকা থেকে ৮৩ কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি ট্রাক ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরকত উল্লাহ, জাহিদুল ইসলাম, আবুল বাশার, সজল, তোফাজ্জল হোসেন ও বিপুল হোসেন।

র‌্যাব-১–এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ বলেন, অভিযানে একটি ট্রাক ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে গাছা থানায় মামলা হয়েছে।

এদিকে র‌্যাব–১০ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. টিপু, তোফাজ্জল ও আনোয়ার হোসেন।

র‌্যাব–১০–এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও ফেনসিডিল সরবরাহ করছিলেন।