চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আটকের প্রায় ১৩ ঘণ্টা পর আসাদুল্লাহ তুহিন (১৭) নামে শিবিরের এক নেতা নিহত হয়েছে। র্যাবের দাবি, তাদের গাড়ি থেকে ‘পালানোর সময়’ ট্রাকের ধাক্কায় তুহিনের মৃত্যু হয়। তবে শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি র্যাবের ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।
তুহিনের বাড়ি পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লায়। সে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের একাদশ শ্রেণির (বাণিজ্য) ছাত্র ও শিবিরের কলেজ শাখার সভাপতি ছিল।
তুহিনের মা কমলা বেগম বলেন, র্যাবের সদস্যরা সোমবার বেলা আড়াইটার দিকে তুহিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। এ সময় র্যাবের সদস্যরা তুহিনকে মারধর করেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামানের ভাষ্য অনুযায়ী, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে তুহিনকে নিয়ে ককটেল উদ্ধারে যায় র্যাব। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে সদর উপজেলার লালাপাড়া মোড়ে র্যাবের গাড়ি থেকে সে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় সে। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেজর কামরুজ্জামান আরও জানান, শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ককটেল হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে শিবিরের একটি দলের নেতৃত্ব দিত তুহিন। সে সন্ত্রাসী কাজে ব্যবহৃত ককটেল সংগ্রহের দায়িত্বেও ছিল।
জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, রাত চারটা ২০ মিনিটে তুহিনকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে একই হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়।
শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, তুহিন নবাবগঞ্জ সিটি কলেজ শাখা শিবিরের সভাপতি ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে র্যাব।
যোগাযোগ করা হলে তুহিনের ভাই আল আমীন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, তাঁর ভাইয়ের লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।