র্যাবের গাড়ি থেকে 'লাফিয়ে পালাতে গিয়ে' মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) গাড়ি থেকে পড়ে আরেকটি গাড়ির নিচে চাপা পড়ে আটক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও র্যা ব বলছে, মো. রাসেল নামের ওই যুবক গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।
নিহত মো. রাসেল (২০) শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার মোহাম্মদ আলীর ছেলে। র্যা ব ও পুলিশ সূত্রে জানা গেছে, এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তের একপর্যায়ে তাঁকে আটক করা হয়। ওই নারী উপজেলার বরমী এলাকা থেকে গত ফেব্রুয়ারি মাসে নিখোঁজ হন। তাঁর বোন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র্যা ব-১-এ অভিযোগ করেন। র্যা ব সদস্যরা ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে’ গত মঙ্গলবার বিকেলে রাসেলকে আটক করেন।
র্যা ব কর্তৃপক্ষ বলেছে, জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেন, তিনি ও তাঁর কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করেন। রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ভোররাতে তাঁকে নিয়ে জড়িত অন্য ব্যক্তিদের আটক এবং ওই নারীর লাশ উদ্ধারে অভিযান চালায় র্যা ব। ভোর সাড়ে চারটার দিকে র্যা বের গাড়ি শ্রীপুরের আনসার রোড এলাকায় পৌঁছালে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রাসেল। এ সময় মালবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। র্যা ব তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল দুপুরে র্যা ব-১-এর সহকারী উপপরিচালক (ডিএডি) অপূর্ব কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।