নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩০ আসামিকে নিয়মিত হাজিরা শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে। আদালত আগামী ১১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে তাঁদের হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানাসহ ৩০ জনকে আদালতে হাজির করা হয়।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুর রহমান প্রথম আলোকে জানান, আদালতে মামলার বাদীপক্ষের আইনজীবীরা প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ইতিমধ্যে এই মামলায় হত্যার দায় স্বীকার এবং ঘটনার সাক্ষী হিসেবে র্যাবসহ অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এত দিনেও অভিযোগপত্র দাখিল করা হয়নি এবং অন্য আসামিদের হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হলেও র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে হাতকড়া ছাড়াই আদালতে হাজির করার বিষয়ে বাদীপক্ষের আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন এবং আগামী ১১ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এদিকে আদালত থেকে শুনানি শেষে আসামিদের কারাগারে নেওয়ার সময় তাঁদের ফাঁসির দাবিতে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিংক রোডের ফতুল্লা রামারবাগ এলাকা থেকে কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত র্যাবের ২০ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তা ও ১৭ জন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।