র্যাগিংয়ে অসুস্থ এক ছাত্র, প্রতিবাদে মানববন্ধন
র্যাগিংয়ের শিকার হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে প্রথম বর্ষের এক শিক্ষার্থী গত রোববার রাতে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে র্যাগিংয়ের নামে নিপীড়ন বন্ধের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনে মীর মশাররফ হোসেন হলের ‘গণরুমে’ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের ১১৪ জন শিক্ষার্থী উঠেছেন। হলে ওঠার পর প্রায় প্রতি রাতেই ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে র্যাগিংয়ের নামে মানসিক হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।
রোববার রাত ১০টার দিকে ৪৪তম ব্যাচের ছাত্রলীগের প্রায় ২৫-৩০ জন কর্মী গণরুমে আসেন। একটু পর রসায়ন বিভাগের প্রথম বর্ষের শরীফুল ইসলাম নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে হলে ফিরিয়ে আনা হয়।
চিকিৎসাকেন্দ্রে শরীফুলের সঙ্গে কথা বলতে গেলে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী মাজহারুল ইসলাম, আরিফুল ইসলাম ও রিসান আহমেদ সাংবাদিকদের বাধা দেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
হলের প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, ‘র্যাগিং বন্ধে আমরা সোচ্চার। আমি ওই ছাত্রের সঙ্গে কথা বলেছি। র্যাগিংয়ের কারণে ও অসুস্থ হয়নি।’
র্যাগিংয়ের নামে হয়রানি বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা র্যাগিং বন্ধের জন্য শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মির্জা তাসলিমা সুলতানা বলেন, এসব বন্ধে প্রশাসনের তদারকি বাড়াতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সাঈদ ফেরদৌস, দর্শন বিভাগের রায়হান রাইন, সরকার ও রাজনীতি বিভাগের নাসিম আখতার হোসাইন, বাংলা বিভাগের মো. খালেদ হোসাইন, শামীমা সুলতানা প্রমুখ।