র্যাগিংয়ের অপরাধে তিন ছাত্রীকে আজীবন বহিষ্কার
র্যাগিংয়ের অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গত বুধবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমদ জানান, ১৭ জুলাই রাতে হলের আবাসিক ছাত্রী এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামি রেজওয়ানা, সাবরিনা আক্তার ও রাফিয়া মাহজুবা একই বিভাগের প্রথম বর্ষের সাত-আটজন ছাত্রীকে র্যাগিংয়ের নামে ডেকে পাঠান। এ সময় তাঁদের সহপাঠী ও জাহানারা ইমাম হলের এক ছাত্রীর উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই সহপাঠী অনুপস্থিত থাকায় ওই তিনজন তাঁদের গালিগালাজ করেন। পরদিন সকালে ওই সহপাঠীকে শেখ হাসিনা হলে উপস্থিত করতে তাঁদের হুমকি দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই বেলা ১১টায় ওই সহপাঠী শেখ হাসিনা হলে এলে তাঁকে অন্য সহপাঠীদের দিয়ে থাপড় দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে কান ধরে হলের চতুর্থ তলায় ওঠানো হয়।
এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলে গত মঙ্গলবার শৃঙ্খলা বোর্ডের সভায় ওই তিনজনকে র্যাগিংয়ের অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার সুপারিশ করা হয়। বুধবার রাতে সিন্ডিকেট সভায় শৃঙ্খলা বোর্ডের সুপারিশ কার্যকর হয়।
এদিকে তিন ছাত্রীকে আজীবন বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। সংগঠনের সভাপতি তন্ময় ধর বলেন, ‘আমরা র্যাগিংয়ের বিরুদ্ধে। কিন্তু র্যাগিংয়ের দায়ে তিনজনকে যে শাস্তি দেওয়া হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। তাঁদের অন্য কোনো শাস্তিও বিবেচনা করা যেত।’