র্যাগিংয়ের অভিযোগে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনাটি অধিকতর তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। গতকাল রোববার এক দাপ্তরিক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের মো. মোশাররফ হোসেন, গণিত বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের নজরুল ইসলাম, মোশারফ হোসেন ও মাহমুদুল হাসান এবং সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী অসীম বিশ্বাস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে র‌্যাগিং এবং এ থেকে উদ্ভূত ঘটনায় শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে র‌্যাগিংয়ের বিষয়টি সঠিক নয় বলে জানান গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘অভিযোগের বিষয়ে আমাদের বিভাগের শিক্ষকেরা তদন্ত করেছেন। বিভাগের নিজস্ব তদন্তে দেখা গেছে, র‌্যাগিংয়ের বিষয়টি সঠিক নয়। আর যৌন হয়রানির তো প্রশ্নই আসে না।’

বিভাগটির শিক্ষার্থীদেরও দাবি, গত বৃহস্পতিবার বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ও প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্যে পরিচিত হওয়ার ঘটনাকে র‌্যাগিং ও যৌন হয়রানি বলে চালিয়ে দেওয়া হয়েছে।

তবে র‌্যাগিংয়ের বিরুদ্ধে গতকাল সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

ঘটনা তদন্তে করা কমিটির আহ্বায়ক হলেন পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম। তাঁদের ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।