র্যাগিংয়ের দায়ে তিন ছাত্রীকে আজীবন বহিষ্কার
র্যাগিংয়ের অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১৭ জুলাই শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামি রেজওয়ানা, সাবরিনা আক্তার নিতু ও রাফিয়া মাহজুবা একই বর্ষের হলের কয়েকজন ছাত্রীকে র্যাগ দেয়। এ ছাড়া জাহানারা ইমাম হলের এক ছাত্রীকে র্যাগ দেওয়ার জন্য রাত ১১টার সময় শেখ হাসিনা হলে ডেকে পাঠানো হয়।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ২২ জুলাই ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এই তিনজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়। সেই সঙ্গে ক্যাম্পাসে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সিন্ডিকেটের সদস্য নুরুল হক জানান, গতকাল বুধবার রাতে সিন্ডিকেট সভায় ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ কার্যকর হয়।