৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে কোস্টগার্ড ও র‌্যাবের তিন সদস্যকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান ওই হত্যার ঘটনায় করা মামলার রায়ে এই আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুজনকে খালাস দেন। দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের রফিকুল ইসলাম শেখ, বাবুল শেখ, কুদ্দুস শেখ ও তাঁর ভাই ইদ্রিস শেখ এবং একই উপজেলার খালকুলিয়া গ্রামের আলকাস ফকির ও ইলিয়াস শেখ।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন গাবগাছিয়া গ্রামের রিয়াজুল শেখ, আকরাম শেখ, আলম শেখ, বাদশা শেখ, জামাল শেখ, কামাল ওরফে সুমন শেখ ও খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আসলাম শেখ।

যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া এই সাতজনকে আদালত একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

খালাস পাওয়া দুজন হলেন খুলনার হোগলাডাঙ্গা গ্রামের নান্না শেখ ও মিজানুর রহমান। রায় ঘোষণার সময় তাঁরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদীতে একদল ডাকাত ধরতে ২০০৬ সালের ১ ডিসেম্বর রাতে খুলনার র‌্যাব-৬ ও মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় ডাকাতদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়।
একপর্যায়ে র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা স্পিডবোট থেকে ডাকাতদের নৌকায় উঠে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালান। এ সময় ডাকাতদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় এবং ডাকাতেরা র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যদের নিয়ে নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সদস্য এম এইচ কবির ও এম এ ইসলাম এবং র‌্যাব সদস্য কাঞ্চন নিখোঁজ হন। পরদিন পশুর নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মহসীন আলী বাদী হয়ে মংলা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

মামলার সূত্রে জানা গেছে, তদন্তকালে বাদশা শেখ ও জামাল শেখ পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাঁরা দুজনেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ওই ঘটনায় জড়িত অন্যদের নাম প্রকাশ করেন।

২০০৭ সালের ৮ মে মংলা থানার উপপরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন শেখ আদালতে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় অভিযুক্তদের ডাকাত বলে উল্লেখ করা হয়েছে। মামলার শুনানিকালে আদালত মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।