র্যাব ও ডিবির অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের সুজায়েতপুর ও চৌমুহনীর পৌর হাজীপুর এলাকায় র‍্যাব ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডিবির অভিযানে উদ্ধার হয়েছে একটি এলজি ও চারটি গুলি। গত রোববার রাতে দুটি অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, রোববার রাত সাড়ে এগারোটার দিকে চৌমুহনীর পৌর হাজীপুর গ্রাম থেকে এলজি, চারটি গুলিসহ হত্যা মামলার আসামি মো. সুজনকে (২৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুজন স্থানীয় সন্ত্রাসী সুমন বাহিনীর প্রধান সুমনের ছোট ভাই।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুজনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

অপরদিকে র‍্যাব লক্ষ্মীপুর ক্যাম্প সূত্র জানায়, রোববার রাতে বেগমগঞ্জের সুজায়েতপুর এলাকার বাড়ি থেকে হত্যাসহ ১০ মামলার পলাতক আসামি মো. কবির হোসেন ওরফে ছালেহ কবিরকে (৩০) গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। র‍্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এম আশরাফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। পরে ছালেহ কবিরকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।