র্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
র্যাব ও পুলিশ সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও দুজন নিহত হলেন। গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এবং টাঙ্গাইল সদর উপজেলার শ্যামারঘাট এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র্যাব ও পুলিশ বলছে, নিহত দুজনই সন্ত্রাসী। এর মধ্যে গাজীপুরে নিহত ব্যক্তি ঢাকার বাড্ডায় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধ’: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন মো. সাইদুর রহমান (৩৫)। তিনি ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার মৃত জৈমত আলীর ছেলে। নিহত সাইদুর গাজীপুরের এক আইনজীবী খুনসহ বাড্ডা থানায় তিনটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সালনা বাজার এলাকার একটি মোটর গ্যারেজের সামনে থেকে সাইদুর রহমানকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ সালনা এলাকার পরিত্যক্ত একটি পোলট্রি খামার থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এরপর সাইদুরকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, সালনা মোল্লাপাড়া রোডে তাঁর ও সহযোগীদের আরও অস্ত্র আছে। পুলিশ বলেছে, ওই অস্ত্র উদ্ধারের জন্য সাইদুরকে নিয়ে সালনা হাতেমের পুকুর এলাকায় পৌঁছামাত্র তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর ১০-১৫ জন সহযোগী পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি চালায়। এ ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশ হেফাজতে থাকা সাইদুরের পায়ে গুলি লাগে। একই সময়ে পুলিশের কনস্টেবল উজ্জ্বল মোল্লা ও ইয়াছিন মিয়া আহত হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাইদুরকে রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে নিহত সাইদুরের বড় ভাই মো. মিজানুর রহমান ও খালাতো ভাই সাজেদুর রহমান ভিন্ন কথা বলেছেন। তাঁরা দাবি করেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাইদুর ঢাকার বাড্ডার বাসা থেকে বন্ধু মো. শাহজাহান মিয়া ও ভাইপো রাশেদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে করে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় তাঁর পোলট্রি খামারের উদ্দেশে রওনা হন। পথে দক্ষিণ সালনায় পুলিশ তাঁদের আটক করে। এরপর সাইদুরের কাছে থাকা ২৫ হাজার টাকা নিয়ে শাহজাহান ও রাশেদুলকে ছেড়ে দিয়ে সাইদুরের কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। ঘটনাটি জানার পর সাইদুরের ছোট ভাই হাবিবুর রহমান গাজীপুরে যান। সেখানে গোয়েন্দা পুলিশের গাড়িচালক মো. জসিম তাঁকে টাকা নিয়ে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি চীনা রেস্তোরাঁয় দেখা করতে বলেন। কথামতো বুধবার রাতে হাবিবুর সেখানে গিয়ে এক গোয়েন্দা পুলিশ সদস্যের সঙ্গে ৫২ হাজার টাকা দিয়ে আপসরফা করেন। কথা হয়, সাইদুরকে শুক্রবার সকালে ছেড়ে দেওয়া হবে। কিন্তু গতকাল ভোরে তাঁরা খবর পান পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইদুর নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির পরিবারের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবির ওসি আমীর হোসেন বলেন, ‘তাঁদের এসব অভিযোগ ভিত্তিহীন। তাঁরা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
স্বজনেরা বলেন, সাইদুর বাড্ডা এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাড্ডা এলাকায় তাঁর একটি মুদি দোকান ও একটি লন্ড্রি রয়েছে। এ ছাড়া গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় তাঁর এক বন্ধুর সঙ্গে একটি পোলট্রি ফার্মের ব্যবসা রয়েছে।
টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধ’: টাঙ্গাইলে র্যাব সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন মুজিবুর রহমান শেখ (৪০)। তিনি সদর উপজেলার হুগরা ইউনিয়নের কাশীনগর গ্রামের মৃত সোনা মণ্ডলের ছেলে। র্যাবের বক্তব্য, তিনি চরমপন্থী দলের সদস্য।
টাঙ্গাইলে র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহীউদ্দিন ফারুকীর ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে র্যাব খবর পায় সদর উপজেলার শ্যামারঘাট এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এ খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। সন্ত্রাসীরা তখন র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় র্যাবের তিনজন সদস্য সামান্য আহত হন। পরে শ্যামারঘাট দর্জিপাড়া এলাকার লোকজন র্যা বকে জানায় যে দর্জিপাড়া মেহগনি বাগানে একজন লোক মাটিতে পড়ে আছেন। র্যাব সদস্যরা গিয়ে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুজিবুরকে উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাবের কোম্পানি কমান্ডার মহীউদ্দিন বলেন, নিহত মুজিবুর রহমান শেখ নিষিদ্ধঘোষিত সর্বহারা দলের শেখ গ্রুপের নেতা। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নয়টি মামলা রয়েছে।