সেনা ও র্যাব সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় দুই স্কুলছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতন ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের নামের তালিকায় সেনাবাহিনীর একজন  এবং র‌্যাবে​র একজন সদস্যের নাম রয়েছে।

পবার চৌবাড়িয়া গ্রামে গত শুক্রবার বিকেল তিনটার দিকে ওই নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার জাহিদ হাসানকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাহিদ পবার বাগসারা এলাকার মো. ইমরানের ছেলে। সে বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নির্যাতনের শিকার অপর স্কুলছাত্র ইমন তার (জাহিদ) সহপাঠী। তবে নির্যাতনের ঘটনার পর থেকে ইমনের খোঁজ মিলছে না।
এই নির্যাতনের ঘটনায় জাহিদের বাবা ইমরান গতকাল শনিবার বিকেলে ১৩ জনের নামে পবা থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু প্রথমে বিষয়টি পুলিশ আমলে নেয়নি। সাংবাদিকেরা ফোন করার পর ওই দিন রাতে সেটি মামলা হিসাবে গ্রহণ করে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে মামলার আসামি আজিজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
এই মামলায় আসামি করা হয়েছে সেনাসদস্য নাসির উদ্দিন, র‌্যাব সদস্য মো. সাগর (পুলিশ কনস্টেবল), চৌবাড়িয়া গ্রামের রাকিব, তাঁর বাবা ফজলু মিঞা, স্থানীয় পলাশ, তুহিন, কমল, রাজ্জাক, আজিজুলসহ মোট ১৩ জনকে। ওই সেনা ও র‍্যাবের সদস্য ছুটিতে বাড়ি এসেছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহিদ গত শুক্রবার দুপুরে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে আসামিরা জাহিদকে ধরে নিয়ে যান। তাঁরা চৌবাড়িয়া গ্রামের ফজলু মিঞার ঘরের বিছানায় ফেলে হাত-পা রশি দিয়ে বেঁধে জাহিদ ও ইমনকে নির্যাতন শুরু করেন। জাহিদকে ধরে আনার আগেই ইমনকে ধরে আনা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য রাত ১০টা পর্যন্ত তাদের নির্যাতন করা হয়। স্বীকারোক্তির বক্তব্য রেকর্ড করে রাখার জন্য নির্যাতনের ওই দৃশ্যের ভিডিও ধারণ করা হয়। কিন্তু জাহিদ মোবাইল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার না করায় তার বাবা ইমরানের হাতে তাকে তুলে দেওয়া হয়। পরে জাহিদকে গুরুতর আহত অবস্থায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এ ঘটনাটি যেন কাউকে না জানানো হয়, এর জন্য জাহিদের পরিবারকে নির্যাতনকারীদের পক্ষ থেকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। এ ছাড়াও ছেড়ে দেওয়ার সময় নির্যাতনকারীরা একটি সাদা কাগজে ইমরানের স্বাক্ষর নেন।
আহত জাহিদ অভিযোগ করে, শুক্রবার সকালে ফজলু মিঞার ছেলে রাকিবের একটি মোবাইল চুরি হয়। ওই চুরির ঘটনায় তাঁরা প্রথমে ইমনকে আটক করেন। ইমন নাকি মোবাইল চুরি ঘটনা স্বীকার করেছে। ইমন তার (জাহিদ) নামও বলেছে। এ জন্য তাঁরা তাকেও ধরে নিয়ে যান।
গতকাল শনিবার বিকেলে যোগাযোগ করা হলে সেনাসদস্য নাসির উদ্দিন ওই নির্যাতনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেছিলেন ‘এটি সঠিক নয়। আমি কাউকে মারিনি।’
জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নির্যাতনের সঙ্গে নাসিরও জড়িত রয়েছে। তাঁকে ছবিতে দেখা যাচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি আজিজুলকে রাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। তবে নাসির ও অন্য আসামিরা পলাতক। শনিবার বিকেলে মামলা না নেওয়ার বিষয়ে ওসি বলেন, বিষয়টি প্রথমে তিনি অবগত ছিলেন না। আসামি নাসির উদ্দিন একজন সেনাসদস্য এটা তাঁরা নিশ্চিত হয়েছেন। সাগর র‌্যাবে আছেন, এটাও এলাকা থেকে জেনেছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে ফজলু মিঞার বাড়িতে গিয়ে একজন নারী ছাড়া কাউকে পাওয়া যায়নি। ওই নারী জানান, তিনি ফজলু মিঞার পুত্রবধূ। তিনি নিজের নাম বলেননি। দুই কিশোরকে মারধরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘরের ভেতরে মেরেছে কি না, জানি না। তবে মোবাইল নিয়েছে কি না, তার জন্য ‘কবলাইচে’ (গলা চেপে ধরে জিজ্ঞাসাবাদ)।
এদিকে শুক্রবার রাত থেকে ইমনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সকালে ইমনের দাদা মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই ঘটনার পর থেকে তাঁরা ইমনকে আর কোথাও খুঁজে পাচ্ছেন না। ইমনের নানার বাড়ি পবা উপজেলার সুন্দলপুর গ্রামে। তাঁরা প্রথমে ধারণা করেছিলেন ইমন নানা বাড়িতে আছে। পরে ওর নানা সোলেমান আলী জানিয়েছেন, ইমন সেখানেও যায়নি।

আরও পড়ুন: