র্যাব কর্মকর্তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজারে গতকাল মঙ্গলবার এক র‌্যাব কর্মকর্তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত মৌমিতা বিশ্বাসের (২৩) স্বামী উপপরিদর্শক (এসআই) পার্থ বিশ্বাস। তিনি র‌্যাব-১০-এর লালবাগ ক্যাম্পে কর্মরত। পার্থ বিশ্বাসের দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। ১০ মাস বয়সী একটি মেয়ে রয়েছে এই দম্পতির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, গতকাল সকালে স্ত্রীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে বেলা ১১টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখেন। তবে নিহতের বোন ঈশিতা বিশ্বাস বলেন, হঠাৎ করে মৌমিতার আত্মহত্যা করার কারণ তাঁরা খুঁজে পাচ্ছেন না। এ বিষয়ে চকবাজার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।