র্যাব কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি বেআইনিভাবে নামজারি করে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা জেলা কার‌্যালয়-১-এর সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন। কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য পাঁচ আসামি হলেন: ভূমি অফিসের ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনার সমর চন্দ্র সূত্রধর, সাবেক ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন মোল্লা, ওয়ারী থানার কাপ্তান বাজারের মোহাম্মদ আলী হোসেন, মো. মহিউদ্দীন ও জিনাত আরা পারভীন।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ৮ শতাংশ অর্পিত সম্পত্তি জিনাত আরা পারভীনের নামে নামজারি করে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। ২০১১ সালের ২১ জুলাই জমির দলিল করা হয়। নামজারি করা হয় ওই বছরের ২৯ ডিসেম্বর।
সাবেক সেনা কর্মকর্তা, তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা: প্রায় ৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মেজর জেনারেল (অব.) জালাল উদ্দীন আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে গতকাল মামলা করেছে দুদক। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বনানী থানায় মামলাটি করেন। অন্য তিন আসামি হলেন: জালাল উদ্দীনের স্ত্রী আলেয়া ফাতেমা, ছেলে তালহা আহমেদ ও মেয়ে রাদিয়া আহমেদ।
এজাহার সূত্রে জানা যায়, সাবেক সেনা কর্মকর্তা জালাল উদ্দীন ২০০৩ সালে স্ত্রীসহ ধারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সমবায় ব্যবসা শুরু করেন। লাখে ২ হাজার টাকা লাভের আশায় ১ হাজার ৪৪৯ জন বিনিয়োগকারী মোট ৫৯ কোটি ৩৯ লাখ ১ হাজার ৪৫৪ টাকা ওই প্রতিষ্ঠানে রসিদের মাধ্যমে জমা দেন। কিন্তু জালাল উদ্দীন সোসাইটির ব্যাংক হিসাবে কোনো অর্থ জমা না দিয়ে বিদেশে ছেলেমেয়ের কাছে পাচার করেন।