র্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ১
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় র্যাব পরিচয়ে মো. সুজন (১৯) নামে এক পরিবহন শ্রমিককে অপহরণের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার পশ্চিম বাহ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শাহীন কবিরাজ (৩০)। তিনি উপজেলার চুড়াইন ইউনিয়নের সংকরখালী গ্রামের কাসেম কবিরাজের ছেলে। মো. সুজন পশ্চিম বাহ্রা গ্রামের মো. মুকলেছের ছেলে। তিনি মালবাহী ট্রলিতে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সুজন বাহ্রা বাজারে ছিলেন। এ সময় শাহীন কবিরাজ তাঁকে আটক করেন। স্থানীয় জনতা তাঁর পরিচয় জানতে চাইলে তিনি র্যাব-১১-এর সদস্য বলে পরিচয় দেন। এ সময় তিনি সুজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর পরিচয়পত্র দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। স্থানীয়রা তাঁর কাছ থেকে র্যাব-১১-এর সংবাদদাতার একটি পরিচয়পত্র উদ্ধার করে।
স্থানীয় লোকজন শাহীন কবিরাজের পরিচয়পত্রে লেখা র্যাব-১১-এর মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে র্যাবের মুন্সিগঞ্জ ক্যাম্পের সদস্য সাহাবউদ্দিন তাদের জানান, এই নামে তাঁদের কোনো সংবাদদাতা নেই।
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রতারণার অভিযোগে গতকাল পুলিশ বাদী হয়ে শাহীন কবিরাজের বিরুদ্ধে মামলা করেছে।