র্যাব পরিচয়ে ডাকাতি করে ওরা
চট্টগ্রামে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শফি, হোসেন, ওসমান ও সুমন।
গতকাল বুধবার নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা প্রথম আলোকে জানান, নগরের চান্দগাঁও এলাকায় ব্যবসায়ী এয়ার মোহাম্মদের বাসায় গত ২৪ জানুয়ারি সন্ধ্যা সাতটায় র্যাব পরিচয় দিয়ে বাসায় ঢোকেন ছয় যুবক। তাঁরা সন্ত্রাসী বাসায় আছে কি না তল্লাশি চালান। বাসায় আলমারির ভেতর বোমা আছে দাবি করে আলমারি খুলতে বলেন। একপর্যায়ে তাঁরা বাসা থেকে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। গ্রেপ্তারের পর চার আসামি র্যাব পরিচয়ে ডাকাতির কথা স্বীকার করেছেন পুলিশের কাছে।
নগর গোয়েন্দা কার্যালয়ে গতকাল গ্রেপ্তার ওসমান প্রথম আলোকে বলেন, তাঁদের দলনেতা শফি ওই বাসায় তাঁদের নিয়ে যান। র্যাব পরিচয়ে মালামাল লুট করে মোটরসাইকেল করে তাঁরা চলে আসেন। হাটহাজারী হালদা নদীর পাড়ে মালামালগুলো ভাগ করেন। ভাগে ওসমানকে ১৮ হাজার টাকা দেন। পরে আরও টাকা দেবে বলে জানালেও কোনো টাকা দেওয়া হয়নি।