র্যাব সদস্য রুহুল আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের চাঞ্চল্যকর ঘটনায় র‌্যাব সদস্য ল্যান্স করপোরাল রুহুল আমিনকে চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে তাঁকে হাজির করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আইনজীবী চন্দন সরকার ও গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলায় তাঁকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

২০ অক্টোবর এই মামলায় রুহুল আমিনকে আদালতের মাধ্যমে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল।

অন্যদিকে কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ ও হত্যার ঘটনায় রুহুলকে দুই দফায় আট দিন ও পাঁচ দিন করে মোট ১৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পাঁচ মাস পলাতক থাকার পর ঈদুল আজহার পরদিন ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ গ্রেপ্তার ১২ জন র‌্যাব সদস্য ইতিমধ্যে অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী, রুহুল আমিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর গাড়িতে তুলে চেতনানাশক ছিটিয়ে অচেতন করেন এবং সবার মুখ পলিথিনে বেঁধে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন।

সাত খুনের ঘটনায় এখন পর্যন্ত র‌্যাবের সাবেক ওই তিন কর্মকর্তাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাইরে ঘটনার সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরও ১৪ জন।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে অপহৃত হন নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান ওরফে স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নজরুলসহ পাঁচজনকে অপহরণ ও হত্যার ঘটনায় ফতুল্লা থানায় ওই হত্যা মামলা করেন সেলিনা ইসলাম ওরফে বিউটি। অন্যদিকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালককে হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল পৃথক হত্যা মামলা করেন।