র্যাব হেফাজতে ইউজিসির সহকারী পরিচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র‌্যাবের হেফাজতে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে দিয়ে যায় পুলিশ ও র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওমর।
গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা চলাকালীন আগারগাঁওয়ে ইউজিসির কার‌্যালয় থেকে সংস্থাটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। গ্রেপ্তার অন্য দুজন হলেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের ভান্ডাররক্ষক রেজাউল করিম ও তাঁদের সহযোগী ঈশান ইমতিয়াজ। তাঁদের কাছ থেকে ২০১৪ সালের সহকারী জজ নিয়োগ পরীক্ষার ২৩টি উত্তরপত্র, একই পরীক্ষার দুটি প্রশ্নপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিল, বিভিন্ন ব্যাংকের চেকবই, নগদ ২ লাখ টাকা উদ্ধার করার কথা জানায় র‌্যাব। ওই রাতেই ওমরকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় ইউজিসি। তখন র‌্যাবের কর্মকর্তারা জানান, এই চক্রটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করিয়ে দিতে ১৫ লাখ টাকা, জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ দিতে ১০ লাখ ও কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের জন্য ৬ লাখ টাকা করে নিত। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে র‌্যাব। সেই মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।
র‌্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওমর সিরাজসহ ওই মামলার আরও কয়েকজন আসামি দুই দিনের জন্য র‌্যাব হেফাজতে ছিলেন। গতকাল বিকেলে হৃদ্রোগজনিত কারণে ওমর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিকেল পাঁচটা ৫০ মিনিটে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া সাতটায় তাঁর মৃত্যু হয়।
এরপর শেরেবাংলা নগর থানার একজন উপপরিদর্শক রাত পৌনে ১১টার দিকে ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যান। এ সময় সঙ্গে কয়েকজন র‌্যাব সদস্যও ছিলেন।
রাতে এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বলেন, ‘বিষয়টি র‌্যাব-৪-এর। আপনারা তাদেরই জিজ্ঞেস করুন।’
রাত ১২টা পর্যন্ত মর্গে ওমর সিরাজের কোনো স্বজন যাননি।