নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর আরও তিন সদস্য গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রিমান্ডে নেওয়া র্যাবের এই সদস্যরা হলেন: র্যাব-১১-এর এএসআই আবুল কালাম আজাদ, হাবিলদার বজলুর রহমান ও হাবিলদার মো. নাছির উদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, এর আগে গ্রেপ্তার হওয়া র্যাবের সদস্যদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাত খুনের ঘটনায় এই তিনজনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। তাই তাঁদের এই খুনের ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আদালত সূত্র জানায়, নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে দুপুরে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের এবং পরদিন একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করা হয়।
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র্যাবের ১৪ জনসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।