র্যাবের তথ্যভান্ডারে ৪০ হাজার সন্দেহভাজন অপরাধীর তথ্য
৪০ হাজার সন্দেহভাজন অপরাধীর তথ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল র্যাবের ক্রিমিনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)। একই সঙ্গে আটক ব্যক্তির পরিচয় যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহারেরও সুযোগ পাচ্ছে র্যাব। ফলে এখন আঙুলের ছাপ দিলেই বেরিয়ে আসবে ব্যক্তির অতীতের সব তথ্য।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তথ্যভান্ডারের উদ্বোধন করেন। এ উপলক্ষে র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘র্যাবের কেউ কেউ যে দুষ্কর্ম করেনি, তা আমি বলব না। তবে আমরা ব্যবস্থা নিয়েছি। র্যা বের বিরুদ্ধে ঢালাও বললে হবে না। মানুষ কিন্তু র্যাবের ভূয়সী প্রশংসা করে।’
অনুষ্ঠানে পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকারও বক্তব্য দেন।
র্যাব জানায়, ২০১১ সাল থেকে ৬৭টি কারাগারের মধ্যে ৬৪টিতে বন্দী থাকা ২৮ হাজার আসামির ১০ আঙুলের ছাপ, চোখের মনির (আইরিশ) ছবি ও ১৫০টি তথ্য সংগ্রহ করেছে র্যাব। বিভিন্ন সময়ে র্যাবের হাতে আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে ৪০ হাজার সন্দেহভাজন অপরাধীর তথ্যভান্ডার গড়ে তোলা হয়েছে।