নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি উপপরিদর্শক (এসআই) পুর্ণেন্দু বালা, রেডিও অপারেটর গেইন (আরওজি) মো. আরিফ হোসেন এবং কনস্টেবল মো. শিহাবউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে। ওই খুনের ঘটনার সময় তাঁরা র্যাব-১১-তে কর্মরত ছিলেন।
জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার মো. ফোরকান ওয়াহিদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি আজ রোববার বেলা সাড়ে তিনটা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এক দিন পর উদ্ধার করা হয় আরও একটি লাশ।
এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পালও ফতুল্লা মডেল থানায় পৃথক হত্যা মামলা করেন।
হাইকোর্টের নির্দেশে গত ৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কমিটি ১২ মে থেকে কয়েক দফায় নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র রেস্ট হাউসে গণশুনানি করে। এ ছাড়া কমিটি ওই সাতজনের লাশ উদ্ধারের স্থান, নারায়ণগঞ্জ র্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তর ও ক্যাম্প অফিস পরিদর্শন করে।