ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের নেতা জাহাঙ্গীর আলম হত্যার সঙ্গে তাঁর শ্যালক মিন্টু জড়িত বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে জাহাঙ্গীরের স্ত্রী পারভীন আক্তারের দাবি, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে।
র্যাব সদর দপ্তরে গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষ দিকে পারভীন এ দাবি জানান। ওই সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা তিনজনকে হাজির করা হয়। তাঁরা হলেন আমেনা খাতুন (২৭), জান্নাতুল নাঈম (২২) ও ইয়াসিন সরকার (৩৪)।
পারভীনের দাবি, কোরবানির পশুরহাট, বাজার কমিটি এবং ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জন্যই জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘এবার রাজনীতির কারণে হাটে গেছে আমার স্বামী। আজকে যদি তিনি হাটের মধ্যে না যাইতেন বা ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে না যাইতেন, তাহলে এভাবে মারা যাইতেন না। তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন না।’
এই হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের খুঁজে বের করার দাবি জানিয়ে পারভীন বলেন, ‘এই সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আমার বাবা হাজি সাহেব (নূর হোসেন বা নূর হাজি) বা দুলাভাই মান্নান নিখোঁজ হওয়ার পর জাহাঙ্গীর মাদক ব্যবসা দেখাশোনা করত। এটা মিথ্যা কথা।’ তিনি বলেন, ‘যদি মিন্টু মনে করত, তাহলে তিন বছর আগেই জাহাঙ্গীরকে হত্যা করতে পারত। এখন কেন করতে যাবে? কিন্তু মিন্টু যদি করেও থাকে, কেউ না কেউ তাকে উসকানি দিতে পারে।’
এর আগে সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে আমেনাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে আদাবর থেকে জান্নাতুলকে এবং মঙ্গলবার সকাল ছয়টার দিকে পশ্চিম আগারগাঁও থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
মুফতি মাহমুদ খান জানান, জাহাঙ্গীরের শ্যালক মিন্টু এ হত্যাকাণ্ডের মূল হোতা। মিন্টু বিদেশে থেকেই গ্রেপ্তার হওয়া ওই তিনজনের যোগসাজশে জাহাঙ্গীরকে হত্যা করিয়েছে। মাদক ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তার হওয়া আমেনা মিন্টুর ঘনিষ্ঠ কবীরের স্ত্রী। তিনি এ হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
গ্রেপ্তার হওয়া জান্নাতুল নাঈম সাংবাদিকদের বলেন, দুই লাখ টাকার চুক্তিতে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নয় হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। ইয়াসিন এ ব্যাপারে মধ্যস্থতা করেন। তবে মিন্টু তাঁর ভাতিজা জসীম ও হাজি বাবুর সঙ্গে প্রায় এক বছর আগে জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন। জসীম অস্ত্র জোগাড় করেন। আমেনার মাধ্যমে দুই লাখ টাকা চুক্তিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া মিন্টু মহাব্বত নামের একজনকে তাঁর সঙ্গে যুক্ত করেন। এর পর থেকে তিনি মিন্টুর সঙ্গে যোগাযোগ রাখেন। ঘটনার দিন ৯ আগস্ট ইয়াসিন তাঁকে রিভলবার দেন। রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর বাসার সামনে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে ছয়টি গুলি করে তিনি ও মহাব্বত উল্টো দিকের গলি দিয়ে পালিয়ে যান।
জাহাঙ্গীর হত্যার ঘটনায় তিন দিন পর পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করে।
পরিবারের পক্ষ থেকে মামলা না করা প্রসঙ্গে পারভীন বলেন, ‘মামলা করা সম্পর্কে কোনো ধারণা ছিল না।’
র্যাব জানায়, মহাব্বতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতক মিন্টু, জসীম, হাজি বাবু ও কবীর কলকাতায় রয়েছে।