র্যাবের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
র্যাবের ধাওয়া খেয়ে গত মঙ্গলবার উত্তরার ৪ নম্বর সেক্টরে একটি বাড়ির ছাদ থেকে পড়ে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবক মারা গেছেন।
র্যাব সূত্র জানায়, র্যাব-১-এর কাছে গোপন খবর ছিল উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়িতে একটি প্রতারক চক্র নারীদের দিয়ে ফাঁদ তৈরি করে প্রতারণা করছে। এই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যাব-১-এর একটি দল ওই বাড়ির ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। একপর্যায়ে র্যাব সদস্যরা ওই বাসা থেকে তিন নারী ও একটি পিস্তল উদ্ধার করেন। পরে র্যাব সদস্যরা ওই বাড়ির ছাদ থেকে পাঁচজনকে আটক করেন। র্যাবের ধাওয়া খেয়ে আরিফ ছয়তলার ছাদ থেকে পাশের ছাদে লাফ দিলে সেখান থেকে নিচে পড়ে যান। এতে তাঁর মাথা, হাত ও পা গুরুতর জখম হয়। সংকটজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তাঁদের জিম্মি করে টাকা আদায় করতেন।